বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে জাপানের কোন সমস্যা নেই। গত ৫ জানুয়ারির নির্বাচন ছিল সাংবিধানিক। কোন আইনী ত্রুটি ছাড়াই এই নির্বাচনটি হয়েছে। তবে এদেশের মানুষ পছন্দের সরকারকে বাছাই করতে চায়। সব রাজনৈতিক দলকে ভেবে দেখা দরকার কেন তারা মানুষকে সেই সুযোগ দিতে ব্যর্থ হয়েছে। জাপানি রাষ্ট্রদূত গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। বিভিন্ন গণমাধ্যমের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাব এই অনুষ্ঠানের আয়োজন করে। ডিকাব সভাপতি মাঈনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি। অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত ঢাকা ও টোকিও’র দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন টোকিও সফর, ‘বাণিজ্য ও বিনিয়োগ সহায়তাসহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ও প্রশ্নের জবাব দেন।
বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের সময় জাপান সরকারের দেওয়া অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা চাই জনগণের ইচ্ছা পূরণে আগামীতে সবগুলো রাজনৈতিক দল একত্রে কাজ করবে। তাদের একটি সমাধানে পৌঁছতে হবে। জনগণের প্রত্যাশা ও আশা-আকাঙ্খা বাস্তবায়নে নেতৃত্বকে কাজ করতে হবে।
বর্তমান আইন-শৃঙ্খলার অবস্থা সম্পর্কে তিনি বলেন, এটা খুবই স্বস্তিদায়ক যে, এখন রাজপথে কোন সংঘাত বা সহিংসতা নেই। মানুষ বাসে বা গাড়িতে আগুন ধরায় না। এটা বড় ধরনের স্বস্তি। এখন বড় বড় টিম বাংলাদেশে আসছে আর সম্ভাবনার ক্ষেত্রগুলো খুঁজছে। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জে সাত খুনসহ গুম, অপহরণের ঘটনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেন, এসব ঘটনা ভয়াবহ ও উদ্বেগজনক। আমি বাংলাদেশের সিস্টেম জানি ও বুঝি। স্বাধীনতার পর থেকে অনেক জটিলতার উত্তরণ হয়েছে।
রাষ্ট্রদূত সাদোশিমা আরো বলেন, আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে জাপান যাবেন। দু’দেশের মধ্যে একটি সমন্বিত অংশীদারিত্ব গড়ে তুলতে এ সফর অবদান রাখবে। রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা মানুষের যোগাযোগের ক্ষেত্রে সম্ভাব্য নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন দুই প্রধানমন্ত্রী। জাপান চায় বাংলাদেশ ঘনিষ্ঠভাবে পূর্ব এশিয়ার দেশগুলোতে দৃষ্টি দিক। কেবল পশ্চিমের দিকে নয়, পূর্বদিকে সম্ভাবনা বাড়াতে হবে। এতে বিশ্ববাজার সম্প্রসারিত হবে। আগামী বছরগুলোতে পণ্যের বৈচিত্র্য আনতে পূর্বদিকে দৃষ্টি দেওয়া দরকার। কোরিয়া, জাপান, চীন ও আশিয়ান দেশগুলোতে অনেক বেশি পরিমাণ পণ্যের বাজার রয়েছে। উত্তর আমেরিকা ও ইউরোপে বাংলাদেশের সফল রপ্তানি বাজার রয়েছে। এখন পূর্বদিকে নতুন বাজার খোলা যায়। জাপান এক্ষেত্রে সহযোগিতা করবে।
