সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্রী নিহত

আপডেট : ২১ মে ২০১৪, ২৩:২২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী এবং প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী । এদিকে একই দিন সকালে সিলেটে মাইক্রোবাস চাপায় দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এসব ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থী-জনতা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফাতেমাসহ বিশ্ববিদ্যালয়ের কয়েজন শিক্ষার্থী দাঁড়িয়েছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদেরকে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সাভার সুপার ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন পথচারী রেহানা ও নূরুল ইসলাম। এদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মানস চৌধুরী বলেন, ঘটনাটি বেদনাদায়ক। আমরা খোঁজ-খবর নিচ্ছি। এদিকে শিক্ষার্থী নিহত হওয়ার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। নিহত ফাতেমার বাড়ি পাবনা জেলার আতাইকুলা থানায়। সিলেট অফিস জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর থানাধীন নাজিরবাজার এলাকায় মাইক্রোবাস চাপায় সিলেটের দক্ষিণ সুরমার কালিরগাঁওয়ের আব্দুল বাছিতের ছেলে ফরহাদ আহমদ (১০) ও ওসমানীনগরের কেশবপুর গ্রামের আজমির আলীর ছেলে সাকুওয়ান আহমদ (৯) নিহত হয়েছে। তারা স্থানীয় নাজিরবাজার দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। এদিকে দুই ছাত্রকে চাপা দেয়ার পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের ৬ যাত্রী আহত হন। আহত স্বপন সাহা, ঝর্ণা রানী, রমেন্দ্র, আলতা, রবিন ও জয় সাহাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘন্টা মহাসড়কটি অবরোধ করে রাখে। এসময় বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। পরে জনপ্রতিনিধি ও প্রশাসনের অনুরোধে জনতা অবরোধ প্রত্যাহার করে।