সিলেটে বিশেষ শিল্প এলাকা গড়ে তুলছে সরকার : অর্থমন্ত্রী

আপডেট : ২১ মে ২০১৪, ২৩:২৩
সিলেট অঞ্চলকে একটি আধুনিক শিল্পনগরী হিসাবে গড়ে তোলা হবে এমন ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে এরই মধ্যে সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, রেলস্টেশন এবং বিমান বন্দর আধুনিকায়নের কাজ সম্পন্ন করতে যাচ্ছে। তিনি বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। তিনি বুধবার সিলেটের একটি হোটেলে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং জার্মানভিত্তিক ফ্রেডরিক নুউম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। অর্থমন্ত্রী বলেন, সিলেটে স্পেশাল ইকোনোমিক জোন অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের সর্ববৃহত্ ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকাকে পাথর শিল্পাঞ্চল হিসাবে গড়ে তোলা হচ্ছে, খাদিমনগর বিসিক শিল্প নগরীকে উন্নত ও বর্ধিত করা হচ্ছে। শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র প্রতিষ্ঠা ও পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে বর্তমান সরকার।