জমিজমা বিরোধের জের ধরে অপহূত সৈয়দ মোহাম্মদ আলী বাবুলকে চার ঘণ্টারও কম সময়ের মধ্যে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বোন ও ভাইকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে টাঙ্গাইল শহরের ব্যস্ত এলাকা নিরালার মোড় সংলগ্ন জেলা জাতীয় শ্রমিক লীগের অফিসের পেছন থেকে তাকে পুলিশ উদ্ধার করে। পুলিশ বাবুলের বোন সৈয়দা বেবী ও ভাই সৈয়দ বেনুকে গ্রেফতার করে গতকাল বুধবার টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠায়। ম্যাজিস্ট্রেট তাদের জামিনের আবেদন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠান। তাদের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার তারুটিয়া কমলাই গ্রামে। পরে বাবুল বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
