মাদারীপুর সদর, শেরপুরের নকলা ও ব্রাহ্মণবাাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আগামী ২৬ জুন ভোট অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন (ইসি) এই তিন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ মে। মনোনয়নপত্র বাছাই করা হবে ৩১ মে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ জুন। এদিকে, স্থগিত নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাচন আগামী ৯ জুন পুনঃনির্ধারণ করা হয়েছে কমিশন সভায়। এইদিন নাটোরের নলডাঙ্গা উপজেলায়ও ভোট অনুষ্ঠিত হবে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমান ইত্তেফাককে বলেন, নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় গত ১৯ মে ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে তা স্থগিত করা হয়েছিল। নারায়ণগঞ্জ বন্দর নির্বাচনের আগে প্রতীক বরাদ্দ পর্যন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছিল। তাই আর নতুন করে ওই সব প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন নেই। এখন শুধু ভোটগ্রহণ করা হবে।
উল্লেখ্য, ষষ্ঠ ধাপ পর্যন্ত সারাদেশের ৪৮৭টি উপজেলার মধ্যে ৪৭১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় ও আইনি জটিলতায় বাকিগুলোর নির্বাচন আপাতত হচ্ছে না।
