র্যাবের সাবেক তিন কর্মকর্তার সম্পদের খোঁজ নেবে দুদক

আপডেট : ২১ মে ২০১৪, ২৩:৫০
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ও ঘুষ নেয়ার অভিযোগে আটক র্যাবের সাবেক তিন কর্মকর্তার সম্পদ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের জ্ঞাত আয় বহির্ভূত কোন সম্পদ রয়েছে কি না তা যাচাই করবে কমিশন। বুধবার দুপুরে দুদক কার্যালয়ে মিডিয়া সেন্টারে মাসিক প্রেস ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এ কথা জানান। র্যাবের সাবেক ঐ তিন কর্মকর্তা হলেন— র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা। ব্রিফিংয়ে মো. ফয়জুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা নূর হোসেনের সম্পদের তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এ ছাড়া র্যাবের সাবেক ঐ তিন কর্মকর্তার সম্পদের বিষয়ে খোঁজ-খরব নেয়া হচ্ছে। নারায়ণগঞ্জের ঐ হত্যাকাণ্ডের পেছনে কোন আর্থিক লেনদেন হলে তা অবশ্যই দুদক খতিয়ে দেখবে।’ এদিকে হল-মার্ক ঋণ জালিয়াতির নন-ফান্ডেড অংশের অনুসন্ধান থেমে থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আপাতত এ অনুসন্ধান করছি না। ব্যাংকের টাকা আদায়ের সুবিধার্থে আমরা এ অনুসন্ধান বন্ধ রেখেছি। ব্যাংক যদি অর্থ আদায় করতে না পারে তাহলে ব্যাংকই মামলা করবে। পরবর্তী সময়ে আমরা ঐ মামলা সরাসরি তদন্ত করব।’ প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এপ্রিল মাসে ৮৭৮টি অভিযোগ কমিশনে জমা পড়েছে। এর মধ্যে ১১৩টি অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছে। এপ্রিল মাসে ১২টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। এ ছাড়া ঐ মাসে ১৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। যেখানে আটটি মামলায় সাজা ও নয়টি মামলায় আসামিরা খালাস পেয়েছে।