মৃত্যুর মলাটে মৃত্যু জীবনের ওপারে জীবন
রাতের আঁধারে সেই পুরাতন ছায়া
শাল বৃক্ষের মতো তাকিয়ে থাকা
শাদা রঙের নদীতে ডুব দিয়ে ওঠা
এই সব কি আর স্বপ্ন হতে পারে?
স্বপ্ন তো খোপের ভেতর পায়রা হয়ে
লুকিয়ে থাকে
ওকে জাগাতে হয় নইলে যে
স্বপ্নও মেঘের মতো উড়ে যায়
তখন কি আর অভিমানে বাঁচা যায়?
বাঁচার জন্য জীবন মৃত্যু স্বপ্ন সম্পর্ক
সবকিছু প্রয়োজন ভাত-মাছের মতো
শাহবাগের আন্দোলনে জীবন কাটে না
জীবন কেবল কাটাবনের ধার ঘেঁষে
প্রবল আক্রোশে হেঁটে যায়।
