টানা আট কার্যদিবস দরপতনের পর একদিন সূচক বাড়লেও গতকাল বৃহস্পতিবার ফের দরপতন হয়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) কিছুটা কমে ২৬ হাজার ৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮ কোটি ৭৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১২ কোটি ৫৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের।
এদিকে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির প্রেক্ষিতে গত বছর ১৮ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইংরেজি ওয়েবসাইটের পাশাপাশি বাংলা ওয়েবসাইট চালু করে। বিনিয়োগকারীদের সুবিধার্থে কথা বিবেচনা করে পর্যায়ক্রমে বাংলা ওয়েবসাইটের বিভিন্ন বিষয়ের উন্নয়ন করা হয়। এর অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার ডিএসই’র বোর্ডরুমে ডিএসই’র অফিসিয়াল ওয়েবসাইটের বাংলা সংস্করণে ডিএসই’র ট্রেনিং প্রশিক্ষণ একাডেমি সম্পর্কে তথ্য, চলমান কর্মসূচিসমূহ, আসন্ন কর্মসূচীসমূহ, ডিএসই’র প্রশিক্ষণ পুঞ্জি, প্রশিক্ষকবৃন্দ, ডিএসই প্রশিক্ষণ একাডেমি আর্কাইভ, ওটিসি বাজার সম্পর্কে তথ্য, ওটিসি সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা, ওটিসি কোম্পানিগুলোর বিবরণী, ওটিসি তথ্য সম্ভার বিষয়ক তথ্যের সংযোজন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা, এফসিএমএ।
ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত্ ও জ্বালানি খাতের বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড (বিপিপিএল) বাণিজ্যিকভাবে বিদ্যুত্ উত্পাদন শুরু করেছে। গত ৪ মে থেকে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড (বিপিপিএল) ৫০ দশমিক ৮১৫ মেগাওয়াট বিদ্যুত্ বাণিজ্যিকভাবে উত্পাদন শুরু করেছে। এ কোম্পানির ৫১ শতাংশ মালিকানা বরকত উল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকসের। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ২১ মে বিদ্যুত্ উত্পাদনের অনুমোদন দিয়েছে।
