দুই দশকে দারিদ্র্যমুক্ত দেশ সম্ভব: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২২ মে ২০১৪, ২০:৪৫
পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, একটি দেশকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করতে চাইলে হাজার হাজার বছর দরকার হয়না, বরং সঠিক দিক নির্দেশনা ও পরিকল্পনা মাফিক এগুলে দুই দশকে তা করা সম্ভব। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা দারিদ্র্যের দুষ্টচক্রকে ভেঙ্গে আশির্বাদের শুভচক্র গড়তে চাই। ১৯৭০ সালে বাংলাদেশে দারিদ্র্য সীমার হার ছিল ৮০ ভাগ। গত ৪৪ বছরে তা কমে দাঁড়িয়েছে ২৬ ভাগে। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়া। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে কেয়ার বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের সামাজিক সুরক্ষা কার্যক্রম: খাদ্য নিরাপত্তা উন্নয়নে মূল প্রতিবন্ধকতাসমূহ এবং তা থেকে উত্তরণের উপায় শীর্ষক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকার বর্তমানে ৯২টি কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ এবং ইউএসএআইডি-র ভারপ্রাপ্ত মিশন ডিরেক্টর পল সাবাতিন। অধ্যাপক আবুল বারকাত সঞ্চালিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান রাশেদ আল মাহমুদ তিতুমীর।