আসছে ঈদের ছবির কাজেই ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু হঠাত্ই এক দুঃসংবাদ এলোমেলো করে দিল সবকিছু। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস আর নেই। ২১ মে রাত প্রায় ১১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বগুড়া শহরের কাটনার পাড়ায় থাকতেন উপেন্দ্রনাথ বিশ্বাস। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন।
অপু বিশ্বাসকে ফোন করতেই কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠেন, ‘আমার ক্যারিয়ার ও সব কাজের ক্ষেত্রে অনেক বড় অনুপ্রেরণা ছিলেন আমার বাবা। তিনি বগুড়া থাকলেও প্রতিদিন আমায় ফোন করে খোঁজখবর রাখতেন। জানি কারো বাবা-ই চিরকার বেঁচে থাকেন না। তবে সত্যিই এই শোক এই শূন্যতা অনেক কষ্টের। আমার কাজের ফাঁকে খানিক অবসর পেলেই আমি বগুড়ায় ছুট দিতাম, তার একমাত্র কারণ ছিল আমার বাবা। সকলে আমার বাবার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করবেন।’ বগুড়ায় নিজ গ্রামের বাড়িতেই অপু বিশ্বাসের বাবার শেষকৃত্য করা হবে। বাবার মৃত্যুর খবর শুনে ২১ মে রাতেই অপু বগুড়া চলে যান।
উল্লেখ্য, আসছে ঈদে শাকিব খান প্রযোজিত ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিটি মুক্তি পাচ্ছে। অপু বিশ্বাস এই ছবির কাজেই এ মাসের শেষে লন্ডনে পুরো ছবির ইউনিটের সাথে যাওয়ার কথা রয়েছে।
