চীনে গাড়িচাপা ও বিস্ফোরক হামলায় ৩১ জন নিহত

আপডেট : ২২ মে ২০১৪, ২১:৩৬
চীনের জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে একটি বাজারে গাড়িচাপা এবং বিস্ফোরক ছুঁড়ে মারার ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত ও ৯০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের এ হামলায় একটি গাড়ি বিস্ফোরিত হয় বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। গাড়ি চাপা এবং বিস্ফোরণে হতাহতদের বেশ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় একে ‘সহিংস সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে। শিনজাং-এ প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। এই অঞ্চলটিতে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বাস। এপ্রিলে উরমকির একটি স্টেশনে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় তিনজন নিহত ও ডজনখানেকেরও বেশি মানুষ আহত হয়। চীনা কর্তৃপক্ষ ওই হামলার জন্য উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে। বৃহস্পতিবারের ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্থানীয় সময় আটটার কিছু আগে দুটি গাড়ি উত্তর দিক থেকে এসে দক্ষিণের বাজারে মানুষের ওপর দিয়ে উঠে যায়। এরপর গাড়ির বাইরে বিস্ফোরক ছুঁড়ে মারা হয়। একটি ছবিতে দেখা গেছে এলাকাটি আগুন আর ধোঁয়ায় ছেয়ে গেছে। অপর একটি ছবিতে দেখা গেছে অগ্নিনির্বাপনকারী তিনটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। চীনের সর্ব পশ্চিমে মধ্য এশিয়ার সীমানে শিনজাং-এর অবস্থান। সেখানকার অধিবাসীদের ৪৫ শতাংশই উইঘুর সম্প্রদায়ের যারা তুর্কি মুসলিম। চীনা হান সম্প্রদায়ের সঙ্গে মাঝে মাঝেই তাদের রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। ২০০৯ সালে এই দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গায় প্রায় ২শ’ জন নিহত হন। বেইজিং বেশ কয়েকটি ধারাবাহিক সহিংসতার ঘটনায় উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে। চলতি বছরের মার্চে কুমিং রেলস্টেশনে হামলাকারীদের এলোপাতাড়ি ছুরি হামলায় ২৯ জন নিহত হন। এ ঘটনার জন্যও কর্তৃপক্ষ উইঘুরের চরমপন্থীদের দায়ী করেছে।