ভেনিজুয়েলার ওপর ধৈর্য হারিয়ে ফেলছে যুক্তরাষ্ট্র :জন কেরি

আপডেট : ২২ মে ২০১৪, ২১:৩৬
ভেনিজুয়েলার সরকার দেশটির গুরুতর রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র ধৈর্য হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মেক্সিকো সফরে গিয়ে গত বুধবার কেরি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিরোধীদের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার আহবানও জানান। রাজনৈতিক বন্দিদের মুক্তি নিয়ে বিতর্কের কারণে আলোচনাটি বন্ধ হয়ে যায়। কেরি বলেন, যুক্তরাষ্ট্র এখনো ভেনিজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে, কিন্তু তিনি আশা করেন এ ধরনের পদক্ষেপের প্রয়োজন হবে না। তিনি বলেন, ‘ক্ষমতা সরকারের হাতে এবং স্থিতিশীলতা ও ভেনিজুয়েলার সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরিতে একটি বিকল্পের জন্য দায়িত্বশীল পদ্ধতিতে এই ক্ষমতার প্রয়োগ করতে হবে।’ ভেনিজুয়েলার রোমান ক্যাথলিক চার্চ এবং ইউনাসুর আঞ্চলিক গোষ্ঠীর মধ্যস্থতায় আলোচনার সময়ে ভালোরকম আস্থা প্রদর্শন না করায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাদুরো সরকারের ‘সামগ্রিক ব্যর্থতার’ সমালোচনা করেন। সংকটের ফলে সৃষ্টি হওয়া অস্থিতিশীলতার কারণে ‘যুক্তরাষ্ট্রসহ’ ভেনিজুয়েলার প্রতিবেশীদের উদ্বেগ বাড়ছে বলেও জানান তিনি। এদিকে, ইউনাসুর পররাষ্ট্রমন্ত্রীরা গত মঙ্গলবার কারাকাস ত্যাগ করেছেন। তবে তারা এক বিবৃতিতে নতুন ধাপের আলোচনা শুরুর একটি তারিখ ঠিক করতে উভয়পক্ষের প্রতি আহবান জানিয়েছেন। উল্লেখ্য, ভেনিজুয়েলায় রাজনৈতিক বিভেদের সূত্র ধরে রাজপথে সরকার ও বিরোধীপক্ষের সংঘর্ষে এ বছর কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। ফেব্রুয়ারিতে শুরু হওয়া বিক্ষোভের কারণে এ পর্যস্ত প্রায় তিন হাজারের মতো মানুষকে আটক করা হয়েছে। বিরোধীরা এ মাসের দ্বিতীয় সপ্তাহেও কারাকাসে বিক্ষোভ করেছে। তারা দেশটির অর্থনৈতিক সংকটের জন্য মাদুরোর সমাজতান্ত্রিক সরকার এবং তার পূর্বসূরি হুগো শ্যাভেজকে দায়ী করে থাকে। অপরদিকে, মাদুরো ও তার সমর্থকরা বিক্ষোভে ইন্ধন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে আসছে।