আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হাতে ১৬ পুলিশ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে ৮ জনকে গলা কেটে হত্যা করা হয়। বুধবার সরকারি কর্মকর্তারা এ খবর জানান। দেশটিতে আগামী ১৪ জুন দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যখন তারা প্রস্তুুতি নিচ্ছিল, সেসময়ে এ ঘটনা ঘটলো।
জাবুল প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জান রসুলইয়ার বলেন, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশের গ্রামবাসীরা স্থানীয় আট পুলিশ সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করে। দু’দিন আগে জঙ্গিরা পুলিশের এক গাড়ি বহরে হামলা চালিয়ে এ পুলিশ সদস্যদের ছিনিয়ে নিয়েছিল। তিনি বলেন, তাদের লাশ নওবাহার জেলায় পাওয়া গেছে। মঙ্গলবারই এদের হত্যা করা হয় । জাবুলের পুলিশ প্রধান গোলাম জিলানী বলেন, পুলিশ সদস্যদের প্রথমে গুলি করে হত্যা এবং পরে তাদের গলা কাটা হয়। এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। অন্য একটি সূত্র জানায়, জঙ্গিরা ২৭ কর্মকর্তাকে অপহরণ করেছে। এদের মধ্যে ওই ১৬ জনকে হত্যা করা হয়।
