মিসরের গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলীয় সিনাই উপদ্বীপের রাজধানী আল-আরিশ শহরে বোমা বিস্ফোরণে বুধবার সাত পুলিশ ও দুই বেসামরিক লোক আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এ খবর জানান।
বিস্ফোরণের পর আতঙ্কিত মানুষ দিশেহারা হয়ে চারদিকে ছুটোছুটি করার সময় একটি গাড়ি এক শিশুকে চাপা দেয়। জুলাই মাসে সেনাবাহিনী মিসরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উচ্ছেদ করার পর থেকে জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে সেনা সমর্থিত কর্তৃপক্ষ মুরসির সমর্থকদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে। কর্মকর্তারা জানান, আল-আশিরায় পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে বুধবারের হামলাটি চালায়। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে বন্দুকযুদ্ধ বেধে যায়। তবে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
