একদা ‘মধু মাসের মধু ফল’ আম, জাম, কাঁঠাল, লিচু খাওয়ার ধুম পড়ে যেতো বাংলার ঘরে ঘরে। অথচ আজ মধু মাসের মধু ফল খেতে বাঙালি ভয় পায়। মধু ফল দেখলেই কারো কারো গা শিউরে ওঠে। উঠবেই না কেন, কেমিক্যাল ফরমালিন মেশানো হয় ল্যাংড়া ফজলি, হিমসাগর, গোপালভোগ, আম্রপালিসহ কত না আমে। আম খেলে যদি হয়, ‘লিভার’ নষ্ট এই ভয়ে অনেকেই বড় বড় মার্কেটে আমের স্তূপ দেখেও আরেক দিকে মুখ ফিরায়। তবু এই ফরমালিন ও ভেজালের যুগে হাতেগোনা কতিপয় আম বাগানের মালিক ও ব্যবসায়ী এখনো আছেন। তাদের খুঁজে বের করতে হবে। তবেই তো মিলবে বিষমুক্ত আম। সবাই যদি এমনটি হতেন তাহলে মধু মাসের মধু ফল খাওয়া থেকে মানুষ মুখ ফিরিয়ে কি নিতো? যারা ফলে কেমিক্যাল বা ফরমালিন মিশিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তাদের আইনের আওতায় আনুন।
লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা
