স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার জাতীয় দলের কোচ আলেসান্দ্রো সাবেলা বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দল থেকে গত বুধবার চারজনকে বাদ দিয়েছেন। দেশটির ফুটবল ফেডারেশন এ তথ্য জানায়।
আগামী সোমবার ইজেইজায় অনুশীলন ক্যাম্প শুরুর আগে সাবেলা দুই ডিফেন্ডার গেটাফের লিসান্দ্রো লোপেজ এবং রিভারপ্লেট-এর গাব্রিয়েল মার্সেডো এবং কাতানিয়া মিডফিল্ডার ফ্যাবিয়ান রিনাউডু এবং ওয়ের্ডার ব্রেমান স্ট্রাইকার ফ্রাঙ্কো ডি সান্টোকে বাদ দেন। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের (এএফএ) ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এ কথা জানানো হয়। সাবেলা ব্রাজিলে ১২ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপটির আগে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে ২ জুন পর্যন্ত সময় পাবেন।
সর্বশেষ ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ‘এফ’ গ্রুপে আফ্রিকা নেশনস কাপ চ্যাম্পিয়ন নাইজেরিয়া এবং প্রথমবারের মত বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা বসনিয়া ও ইরানের বিপক্ষে খেলবে।
