মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় এখনো নিখোঁজ ৪

আপডেট : ২২ মে ২০১৪, ২২:৪৪
দুর্ঘটনার ৮ দিন পর গতকাল বৃহস্পতিবার সকালে কল্পনা আক্তারের (১৩) লাশ উদ্ধার হয়েছে। গজারিয়া উপজেলার দৌলতপুরে মেঘনা নদীতে লঞ্চটির দুর্ঘটনাস্থলে সকাল ১১টায় তার লাশ ভেসে উঠে। এ নিয়ে মোট লাশের সংখ্য দাঁড়ালো ৫৮। এর মধ্যে ৫৭টি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলেও গত মঙ্গলবার উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের এখনও পরিচয় মিলেনি। লাল ডোরা গেঞ্জি ও স্টেপের কালো প্যান্ট পরা এই যুবকের লাশ ৪ দিন ধরে মুন্সীগঞ্জ মর্গে রাখা হয়েছে। এসব তথ্য দিয়ে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, সরকারি হিসাবে আরও ৪ জন নিখোঁজ রয়েছে। তাই উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। কল্পনা আক্তারের লাশ সনাক্ত করতে এসে ঢাকার নবাবগঞ্জের দরিকান্দা গ্রামের আব্দুল করিম কান্নায় ভেঙ্গে পড়েন। গজারিয়া থানার ওসি মো. ফেরদাউস জানান, সনাক্তের পর কল্পনার লাশ তার বাবা ও চাচা সাহেব আলীর কাছে সন্ধ্যায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় গজারিয়ার দৌলতপুরে মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে প্রায় আড়াইশ যাত্রী নিয়ে ডুবে যায় এমভি মিরাজ-৪। লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের নড়িয়া যাচ্ছিল।