না’গঞ্জ উপ-নির্বাচনে প্রার্থী দেবে না আওয়ামী লীগ

আপডেট : ২২ মে ২০১৪, ২৩:১৫
নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে মৌখিক সমঝোতা হয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) মধ্যে। আগামী ২৬ জুন অনুষ্ঠেয় এই উপ-নির্বাচনে দলীয়ভাবে আওয়ামী লীগ প্রার্থী দেবে না। বিষয়টি প্রায় নিশ্চিত। জাপা ওসমান পরিবার থেকেই একজনকে দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাপার প্রার্থীর পক্ষেই আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন জোটের স্থানীয় নেতা-কর্মী-সমর্থকদের কাজ করতে বলা হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। আওয়ামী লীগ ও জাপা সূত্রে জানা গেছে, মূলত: দুটি কারণে এই উপনির্বাচনে প্রার্থী না দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। প্রথমত: মরহুম নাসিম ওসমান বিগত কয়েকটি নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাপা প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন। সর্বশেষ ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনেও জাপার টিকেটেই ‘লাঙ্গল’ প্রতীকে নির্বাচিত হন দলটির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান। যার কারণে এই আসনে দলীয় প্রার্থী দিয়ে জাপার সঙ্গে নতুন করে দূরত্বে যেতে রাজি নয় আওয়ামী লীগ। দ্বিতীয়ত: নাসিম ওসমান জাপা করলেও ওসমান পরিবারের ঐতিহাসিক ঘনিষ্ঠতা আওয়ামী লীগের সঙ্গে। নাসিম জাপা এমপি থাকলেও বরাবরই ছিলেন আওয়ামী লীগের অনুগত ও বিশ্বস্ত। এসব সম্পর্কের কারণে ওসমান পরিবারের বিরুদ্ধে অন্য কাউকে প্রার্থী দেয়ার পক্ষে নয় আওয়ামী লীগ। জাপার নীতিনির্ধারকদের অন্যতম এক নেতা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার ইত্তেফাককে জানান, আওয়ামী লীগ প্রার্থী দেবে না বলে এরইমধ্যে জাপাকে জানানো হয়েছে। তবে ওসমান পরিবার থেকেই যেন প্রার্থী মনোনয়ন দেয়া হয়, সে বিষয়েও অনুরোধ রেখেছে আওয়ামী লীগ। সে অনুযায়ী জাপাও ওসমান পরিবারের কাউকেই মনোনয়ন দিতে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, মরহুম নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান বা তার কন্যাকে মনোনয়ন দেয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করছেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদসহ দলটির নীতিকাররা। এর বাইরে ওসমান পরিবারের অন্যতম সদস্য, নাসিম ওসমানের বড় ভাই এবং বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি সেলিম ওসমানকে মনোনয়ন দেয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। জাপা কাকে মনোনয়ন দিচ্ছে, এ ব্যাপারে জানতে চাইলে দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু গতকাল ইত্তেফাককে বলেন ‘ওসমান পরিবার থেকেই প্রার্থী করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে কাকে মনোনয়ন দেয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি চূড়ান্ত করতে আগামী ররিবার দলের পার্লামেন্টারি বোর্ডের বৈঠক ডাকা হয়েছে। প্রার্থী মনোনয়ন নিয়ে বুধবার নারায়ণগঞ্জ জেলা জাপার নেতা ও দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেছেন এরশাদ। সেখানে তিনি স্থানীয় নেতাদের কাছ থেকে বিস্তারিত জেনেছেন। কাকে মনোনয়ন দেয়া উচিত, কাকে দিলে আসনটি ধরে রাখা সম্ভব হবে, এ ব্যাপারেও তিনি স্থানীয় নেতা-এমপিদের মতামত নিয়েছেন বলে জানা গেছে। জাপা মহাসচিব জানান, এরশাদকে নিয়ে তিনিসহ জাপার একটি প্রতিনিধি দল আগামীকাল শনিবার নারায়ণগঞ্জ যাচ্ছেন। সেখানে নাসিম ওসমানের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন তারা। এছাড়া সম্প্রতি সাত খুনের শিকারদের পরিবার-পরিজনকেও সান্ত্বনা দিতে যাবেন এরশাদ। এদিকে, নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন নিয়ে গতকাল বৈঠক করেছে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে রাতে অনুষ্ঠিত এই বৈঠকে উপ-নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। চারবারের এমপি নাসিম ওসমানের মৃত্যর পর নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন নিয়ে এরইমধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। নারায়ণগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বুধবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই আসনের সাবেক সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়কের পদ ত্যাগকারী এসএম আকরামও উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আলোচনা চলছে। তিনি নাগরিক সমাজের ব্যানারে অংশ নেবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের আহ্বায়কের পদ ছাড়ার পর থেকে আকরাম ঘনিষ্ঠভাবে কাজ করছেন একই দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার ‘নাগরিক ঐক্য’ সংগঠনের সঙ্গে। এছাড়া আকরাম ও রফিউর রাব্বী দু’জনই শামীম ওসমানের বিরোধিতা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত্ আইভীর পক্ষে কাজ করেছেন। বৈঠকে দলীয় প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।