ইস্যুভিত্তিক কর্মসূচিতে থাকছে বিএনপি

আপডেট : ২২ মে ২০১৪, ২৩:১৬
বিএনপি আন্দোলনের মাঠে না থাকলেও ইস্যু ভিত্তিক কর্মসূচি নিয়ে সরব থাকতে চাচ্ছে। অনেক দিন রাজপথে কোন মিছিল-সমাবেশ করেনি দলটি। রাজপথে মিছিল-সমাবেশ কর্মসূচির ঘোষণা দিলেও পুলিশের অনুমতি না পেয়ে নীরবে তা বাতিল করে দেয়া হচ্ছে। তবে রোজ একাধিক প্রেস কনফারেন্স এবং বিবৃতি দিয়ে দলকে উজ্জীবিত করে রাখা হচ্ছে। আগামী ২৪ মে আইনজীবী সমাবেশ হবে। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন। মুন্সীগঞ্জে ২৮ মে অনুষ্ঠেয় জনসভায় খালেদা জিয়া বক্তব্য দেবেন। জানা গেছে, খুলনায় আরেকটি জনসভা হবে ২৬ মে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাবেন। এরপর জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে থেকে শুরু হবে ১৪ দিনব্যাপী কর্মসূচি। জানা গেছে, দেশব্যাপী খালেদা জিয়ার সাংগঠনিক সফরসূচি প্রণয়ন করা হচ্ছে। ময়মনসিংহ, সিলেট, ফেনী, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় তার সফর করার কথাও রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, আন্দোলন থেমে নেই। ইস্যু ভিত্তিক কর্মসূচিও আন্দোলন। ঘোষণা দিয়ে হঠাত্ আন্দোলন হয় না। আমাদের আন্দোলন চলছে, চলবে। স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান ইত্তেফাককে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি- সরকার পতনের আন্দোলনের মতো পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ইস্যু ভিত্তিক কর্মসূচি চলবে। এদিকে বিএনপির কেন্দ থেকে মাঠ পর্যায়ের নেতাদের কাছে স্পষ্ট কোন বার্তা নেই। তারা কি করবে তা জানাচ্ছে না কেন্দ । মাঠ নেতাদের ডেকে দল পুনর্গঠনের যে প্রক্রিয়া চলছিল- তাও বন্ধ করে দিয়েছে হাইকমান্ড। এনিয়ে হতাশ মাঠ নেতারা।