জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বাংলাদেশ আজ মৃত্যুপুরী। সকালে খবরের কাগজ খুললেই দেখি শুধু খুন, গুম আর রাহাজানি। এমন কোনো দিন নেই, যেদিন খুন হয় না, গুম হয় না। জাতি বিবেক হারিয়ে ফেলছে। এ কেমন দেশ! এই অবক্ষয়ের প্রধান কারণ রাজনৈতিক প্রতিহিংসা। আওয়ামী লীগ ও বিএনপি খুন গুমের রাজনীতি করে। বিশেষ করে বিএনপির রাজনীতি হিংসার, তারা বোমার রাজনীতি করে। তিনি বৃহস্পতিবার তার বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
এরশাদ বলেন, সরকার যদি চায়, তাহলে অবশ্যই দেশে গুম খুন বন্ধ করা সম্ভব। পুলিশকে স্বাধীনতা দিন, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই।
জাপা চেয়ারম্যান বলেন, ফেনীতে জনপ্রতিনিধিকে কীভাবে হত্যা করা হলো। কোথায় আইন-শৃঙ্খলা? দিনে-দুপুরে স্কুল থেকে ফেরার পথে মা-ছেলেকে এসিড নিক্ষেপের হুমকি দিয়ে হার ছিনিয়ে নিয়েছে। আমরা কোন্ দেশে বাস করছি। আমরা কী এই বাংলাদেশ চেয়েছিলাম! এসব গুম খুন বন্ধ করা যায় না! তিনি বলেন, দেশে প্রতিহিংসার রাজনীতির জন্য দায়ী বিএনপি। তারা বিচারক হত্যা করেছে, বাংলা ভাই সৃষ্টি করেছে। তারা ৬৩টি জেলায় বোমা মেরেছে। হিংসা দিয়ে মানুষকে জয় করা যায় না। মানুষকে জয় করতে হয় ভালোবাসা দিয়ে।
এরশাদ বলেন, আমি মুক্ত রাজনীতি করতে চাই। জীবনের শেষ প্রান্তে এসেছি। মানুষকে ভালোবাসি বলেই এখনো রাজনীতি করে যাচ্ছি। জীবন দিতে হলে দেব, তবু যা প্রয়োজন হয় সব করব।
ঢাকা জেলা টেম্পু-মিশুক চালক ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ কয়েকজন এরশাদের হাতে ফুল দিয়ে জাপায় যোগদান করেন। অনুষ্ঠানে জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেন, দুটি দল গত ২৩ বছর দেশ পরিচালনা করেছে। দেশে এখন মানুষ হত্যা করে লাশও পুড়িয়ে ফেলা হচ্ছে। জীবনের নিরাপত্তা না থাকলে গণতন্ত্র অর্থহীন। গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে আগে মানুষের জীবনের নিশ্চয়তা দিতে হবে। জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহ-ই-আজম প্রমুখ।
