সিলেটে ‘দোষী’ ইন্টার্ন চিকিত্সকদের বিচারে আন্দোলন অব্যাহত

আপডেট : ২২ মে ২০১৪, ২৩:১৭
সিলেটে নার্সিং কলেজের শিক্ষার্থী ও ওসমানী মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিত্সকের সাথে অপ্রীতিকর ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মত নার্সিং কলেজের শিক্ষার্থীরা ‘দোষী’ ইন্টার্ন চিকিত্সকদের বিচার ও শাস্তির দাবি জানিয়ে সকাল সাড়ে ৯ টা থেকে নার্সিং কলেজের সামনে সারাদিন অবস্থান করে। এ রিপোর্ট গতকাল সন্ধ্যায় লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিল। তারা ক্লাস বর্জনের পাশাপাশি হাসপাতালে সেবাদান থেকে বিরত রয়েছে। সিলেটের শিক্ষার্থী নার্সদের সাথে আন্দোলনে গতকাল যোগ দিয়েছেন বাংলাদেশ বেসিক নার্সেস এসোসিয়েশনের সহ-সভাপতি নাসিমুল হক ইমরান । এদিকে সিলেটের অপ্রীতিকর ঘটনার তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। মন্ত্রণালয়ের উপ-সচিব মনিরুল ইসলামের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের কমিটি গতকাল সকাল ১১টা থেকে তদন্ত কার্যক্রম শুরু করেন। এই কমিটিতে ঢাকা নার্সিং ইন্সটিটিউটের একজন কর্মকর্তাও রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের নির্দেশে গত বুধবার এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।