মির্জা ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

আপডেট : ২২ মে ২০১৪, ২৩:২২
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গাড়ি ভাংচুর, পুলিশের কর্তব্যে বাধা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় গত বুধবার গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তা ফজলুর রহমান ঢাকা সিএমএম আদালতে ওই চার্জশিট দাখিল করেন। ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে গতকাল বৃহস্পতিবার চার্জশিটটি উপস্থাপন করা হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য নথিটি ঢাকার সিএমএম বরাবরে পাঠিয়ে দেয়া হয়। চার্জশিটভুক্ত মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, আমানউল্লাহ আমান, সুলতান সালউদ্দিন টুকু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। উল্লেখ্য, বিএনপিসহ ১৮ দলীয় জোটের কর্মসূচি চলাকালে গত বছর ২ মার্চ রমনা থানাধীন শান্তিবাগ থেকে মালিবাগ মোড় পর্যন্ত অগ্নিসংযোগ ও গাড়ি পোড়ানো হয়। পুলিশ এ সময় তাদের বাধা দিলে হত্যার উদ্দেশ্যে পুলিশকে মারধর করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। এসব অভিযোগে রমনা থানার এসআই আশফাক রাজীব হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।