মোদীর শপথ অনুষ্ঠানে নওয়াজের অংশগ্রহণ নিয়ে কৌতূহল

আপডেট : ২২ মে ২০১৪, ২৩:২২
ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন সার্ক ভুক্ত দেশের বেশিরভাগ রাষ্ট্রপ্রধান কিংবা তাদের প্রতিনিধি। কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নিয়ে। তিনি মোদীর শপথে যাবেন কি না তা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত করেনি ইসলামাবাদ। ফলে পাকিস্তানি মিডিয়াও দিনব্যাপী জল্পনা কল্পনার উপর ছিল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে মোদীর প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের সময় উপস্থিত থাকার আমন্ত্রণ তারা দিল্লি থেকে পেয়েছেন। কিন্তু ২৬ মে মোদীর শপথ গ্রহণের দিন নওয়াজ যাবেন কিনা সে বিষয়ে সরকারের মন্ত্রিপরিষদ কোনো সিদ্ধান্তে পৌছাতে পারেনি। তবে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল শুক্রবারের আগেই বিষয়টি খোলাসা করা হবে। ইতিমধ্যেই সার্কভুক্ত দেশগুলির মধ্যে আফগানিস্তান ও শ্রীলঙ্কার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাকিস্তানের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল, ওই দিন উপস্থিত থাকার ‘চেষ্টা’ করবেন নওয়াজ।