গ্রহণযোগ্য সার্ভিস রুল, সময়োপযোগী পে-স্কেল বাস্তবায়ন, অবসরকালীন সুযোগ-সুবিধার নিশ্চয়তা এবং রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের দাবিতে শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা, কর্মচারীদের টানা আন্দোলনের মুখে অচল হয়ে পড়েছে চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি)। শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বানে গত ৫ দিন ধরে আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে প্রতিদিন ৪ ঘন্টা করে কর্মবিরতি পালন করা হচ্ছে।
এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত বঙ্গবন্ধু মেডিক্যাল হাসপাতালও প্রায় রোগীশূন্য হয়ে পড়েছে। টানা আন্দোলনে আতঙ্কিত হয়ে রোগীরা হাসপাতাল ছেড়ে যাচ্ছেন। নতুন রোগীও ভর্তি হচ্ছেন স্বাভাবিকের তুলনায় কম। অচলাবস্থা নিরসন করে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে অবিলম্বে একজন প্রশাসক নিয়োগের জন্য সরকারের কাছে সংশ্লিষ্টরা দাবি জানিয়েছেন।
এদিকে বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন হয়েছে। সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. আনোয়ারুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ডা. বদিউল আলম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক এএইচএম ইসহাক চৌধুরী, অধ্যাপক ডা. দিদারুল আলম, অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী প্রমুখ।
