প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ২৩ মে ২০১৪, ১৯:২৬
সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর অধ্যায়: তিন প্রশ্ন: মহানবি (স) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন ? উত্তর: মহানবি (স) সুন্দর চরিত্র সম্পর্কে বলেছেন: তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর। তিনি আরও বলেন, মুমিনদের মাঝে উত্তম ও পূর্ণাঙ্গ ইমানের অধিকারী তারাই যারা সুন্দর চরিত্রের অধিকারী। প্রশ্ন: ক্ষমাশীল ব্যক্তি কে ? উত্তর: যার মন উদার,মানুষের জন্য দয়ামায়া বেশি,যে রাগ দমন করতে পারে , সেই ক্ষমাশীল ব্যক্তি। অন্যভাবে বলা যায়,প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যে প্রতিপক্ষকে ক্ষমা করে দেয় সেই ক্ষমাশীল। প্রশ্ন: আমরা পিতামাতার সাথে কীরূপ ব্যবহার করবো ? উত্তর:পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ তায়ালা তার বান্দাদের উদ্দেশে বলেন,‘তোমরা পিতামাতার সাথে সদব্যবহার করো।সুতরাং কোরআন ও হাদিসের শিক্ষাই হলো- আমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে,তাদের সম্মান করতে হবে,আদেশ-নিষেধ সব মেনে চলতে হবে , তবে আল্লাহর নাফারমানির ক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না। আর তাদের সাথে ধমকের সুরেও কথা বলা যাবে না। প্রশ্ন: মহানবি (স) শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কী বলেছেন ? উত্তর: মহানবি (স) শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে বলেছেন, ‘শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগেই (কাজ শেষ হলেই) তার পারিশ্রমিক দিয়ে দাও।’ তিনি আরও বলেন,‘শ্রমিকের পারিশ্রমিক ও ঋণ পরিশোধ নিয়ে ধনী ব্যক্তিদের তালবাহানা করা জুলুম।’ প্রশ্ন: আমরা বাসার কাজের লোকদের সাথে কীরূপ ব্যবহার করবো ? উত্তর: আমরা বাসার কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করবো । বয়সে বড়ো হলে তাদের সম্মান করে কথা বলবো। তাদের সাথে চাকরসুলভ আচরণ করবো না। বয়সে ছোটো হলে তাদের আদর করবো,কাজে সহযোগিতা করবো,তাদের অযথা কষ্ট দেবো না,প্রয়োজনে তাদের কাজে সহযোগিতা করবো। নিজেরা যা খাবো তাদেরকেও তা খেতে দেবো। মনে রাখতে হবে খোদার কাছে সব মানুষই সমান। উঁচুনীচুর কোনো ব্যবধান তার কাছে নেই। প্রশ্ন: আমরা ভালো কাজে কীভাবে সাহায্য করবো ? উত্তর: ভালোকাজে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে সাহায্য করবো। ছেটো-বড়ো যত প্রকার সদাচার ও সত্ কাজ আছে সবই ভালো কাজের মধ্যে পড়ে। যেমন: গরিব ও দু:স্থদের জন্য সেবা প্রতিষ্ঠান তৈরি ,তাদের স্বাবলম্বনের জন্য শিক্ষা ,চিকিত্সা ও বাসস্থানের ব্যবস্থা করা ও রাস্তাঘাট মেরামত ইত্যাদি এ জাতীয় জন কল্যাণমূলক কাজে সওয়াব লাভের আশায় নিজ প্রচেষ্টায় অংশগ্রহণ করে ভালো কাজে সাহায্য করা যায়। প্রশ্ন: মন্দ কাজ সম্পর্কে মহানবি (স) কী বলেছেন ? উত্তর: মন্দ কাজ সম্পর্কে মহানবি (স) বলেন,‘তোমাদের মধ্যে যদি কেউ কারো মন্দকাজ করতে দেখে তাহলে সে যেন নিজের শক্তি দিয়ে তাকে বাধা দেয়। আর যদি সে শক্তি দিয়ে তাকে বাধা দিতে অপারগ হয় তাহলে উপদেশের মাধ্যমে তাকে সংশোধন করে। আর যদি তাও না পারে তাহলে সে যেন তার প্রতি ঘৃণা করে। আর এটাই দুর্বল ইমানের পরিচয়।’ অন্য এক হাদিসে হযরত হুযায়ফা (র) থেকে বর্ণিত মহানবি (স) বলেন,যার হাতে আমার প্রাণ,তার কসম তোমরা অবশ্য অবশ্যই ন্যায়ের আদেশ করবে আর অন্যায় কাজ থেকে বিরত রাখবে। অন্যথায় আল্লাহ তাঁর পক্ষ থেকে তোমাদের ওপর অবশ্যই আজাব নাযিল করবেন। এরপর তোমরা আল্লাহকে ডাকবে, কিন্তু তোমাদের ডাকে সাড়া দেওয়া হবে না।