চোখ বন্ধ করে একবার ভাবুন তো ব্যাপারখানা! আপনার সামনেই জুতার দোকানদার হয়তো এনে দিলেন বিশেষ ধরনের তরলে পূর্ণ একটি পাত্র। আর সেই পাত্রে চট করে নিজের পা-দুটো ডুবিয়ে নেওয়ার পর খানিকটা অপেক্ষা করেই মিলে গেল ঠিক আপনার পায়ের মাপের আরামদায়ক এক জোড়া জুতা। বাস্তবে এখনও এ ধরনের দৃশ্যের দেখা মেলে না। তবে তাই বলে অদূর ভবিষ্যতেও যে এমনটা হবে না তা নয়। কেননা এ ধরনের কিছু আরামদায়ক জুতা তৈরির পন্থা আবিষ্কার করে সম্প্রতি যে হৈ চে-ই ফেলে দিয়েছেন জাপানের এক ডিজাইনার। সাতসুকি ওহাতা নামের এই ডিজাইনার জানিয়েছেন, মানুষ যেভাবে বিভিন্ন সবজি গলে যাওয়া পনিরে ডুবিয়ে ডুবিয়ে খায় সেই খাওয়ার ধরন দেখেই না কি তার মাথায় এভাবে পরিধেয় জুতা তৈরির বুদ্ধি মাথায় আসে। আর ওহাতার আবিষ্কৃত এই পন্থায় যিনি বা যারা জুতা পড়তে চান তাদেরকে একটি তরল পিভিসি’র পাত্রে পা ডুবাতে হয়। কোনো গ্রাহক যখন এভাবে তরল পিভিসি’তে পা ডোবান তখন তার পায়ের চারপাশে ঠিক একই মাপের একটি জুতার প্রতিলিপি বা আবরণ তৈরি হয়। আর এই আবরণটি পাত্র থেকে তুলে খানিকটা শুকিয়ে নিলেই সেটি হয়ে যায় আরামদায়ক এর সঠিক মাপের একজোড়া জুতা। ওহাতা জানিয়েছেন বর্তমানে তার এই জুতা শুধুমাত্র বাড়িতে বা মসৃণ সমতলে পড়বার উপযোগী হলেও অচিরেই তিনি এই প্রক্রিয়ার আরও উন্নতি সাধন করবেন এবং এ ধরনের জুতার সোল কীভাবে আরও পুরু করা যায় তা নিয়ে গবেষণা করবেন। এদিকে এ ধরনের জুতার সুবিধা সম্পর্কে এর গ্রাহকরা বলেছেন, এগুলো খুব সহজেই সিঙ্ক বেসিনে ধুয়ে কাপড়ের মতো রোদে শুকিয়ে নেওয়া যাবে। এ ছাড়া নানা রঙের গলিত পিভিসি ব্যবহার করে তৈরি করা এই জুতাগুলো বহু রঙে তৈরি করা সম্ভব বলে সেগুলো দারুণ ফ্যাশনেবলও।
