এ ক্স ক্লু সি ভ কা ন চ ল চ্চি ত্র উ ত্ স ব ২ ০ ১ ৪

ঐশ্বরিয়ার সাথে আরও কিছুক্ষণ

আপডেট : ২৩ মে ২০১৪, ১৯:৫৫
আর মাত্র ক’দিন বাদেই ভাঙবে মিলনমেলা। আমাদের বড় আক্ষেপ তা হলো আমাদের চেয়েও ভৌগলিক ও সাংস্কৃতিক দিক দিয়ে ছোট দেশেও অনেক বড় বড় ফেস্টিভ্যাল হয়। কিন্তু আজ অবধি বাংলাদেশে একটি বড় মাপের চলচ্চিত্র উত্সব আমরা করতে পারলাম না! ঐশ্বরিয়া রায় বচ্চন কান রেড কার্পেটে নামার পর যেন তাকে নিয়ে আলোচনা শেষই হচ্ছে না। এর ভেতরে হলিউডি দুটি চলচ্চিত্রের সাথে চুক্তি গড়ে ফেলেছেন। কিছুটা বিস্তারিত জানবার প্রয়াসেই একটি ছোট সংবাদ সম্মেলনে ঐশ্বরিয়ার কাছে জানতে চাইলাম, ছবিটি নিয়ে ভারত থেকেই কথা চলছিল কি না। অ্যাশ একগাল হেসে বললেন, ‘সাংবাদিকদের এখনই সবকিছু বলে দিলে তো দর্শকেরা কী দেখবে?’ অ্যাশের এমন মন্তব্যের পর চুপ করে রইলাম। সেই আড্ডা ভাঙার পর তার কাছে গিয়ে বললাম, ‘আমি নিজেও একজন নির্মাতা। ওইদিন লরিয়েলের ফটোশুটে আমিই ছিলাম। আপনি যে বাংলাদেশ নিয়ে বললেন, ঋতুপর্ণ নিয়ে বললেন...’ অতঃপর আমার নিয়মিত বদভ্যাস অনুযায়ী আমার ট্যাবে ‘পরবাসিনী’র কিছু ক্লিপিংস দেখালাম। এরপর প্রথমেই তিনি জানতে চাইলেন, ‘তোমাদের ছবির বাজেট কত থাকে?’ এর উত্তরে আমি অংক বলতেই মাথায় হাত। কীভাবে সম্ভব? এত অল্প বাজেটে কীভাবে ছবি তৈরি হয়! আমাদের দেশের তারেক মাসুদের ‘মাটির ময়না’ কান জুরি অ্যাওয়ার্ড জিতেছে সে কথাও জানালাম। একই সাথে বাংলাদেশি চলচ্চিত্রে আগ্রহী কী না এমন প্রশ্নে তিনি বললেন, ‘দেখুন আমি এমনিতেই এখন কাজ কমিয়ে দিয়েছি। হ্যাঁ প্রায় সব দেশেই ক্যাম্পেইনের সময় তারা আমার কাছে এই একটি কথাই জানতে চান, সব কি আর করা সম্ভব হয়। তবে ঋতুপর্ণ বেঁচে থাকলে হয়তো আরও একটা বাংলা ছবি করা হতো। এমন একটা কথাও চলছিল।’