আগামীকাল চ্যানেল আইয়ের নজরুল মেলা

আপডেট : ২৩ মে ২০১৪, ১৯:৫৮
এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই আয়োজিত এবি ব্যাংক-চ্যানেল আই নজরুল মেলায় আজীবন সম্মানিত হবেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী প্রশিক্ষক নিলীমা দাশ। মেলার দিন তাকে এ সম্মাননা দেওয়া হবে। ২৫ মে সকাল ১১টা ০৫ মিনিটে মেলার উদ্বোধন করবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকবৃন্দ, নজরুল বিশেষজ্ঞ ও নজরুল সংগীতশিল্পী ও চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে ২২ মে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ ও শিল্পী ফেরদৌস আরা। এবারের মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। উপস্থাপনায় অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া। বেলা ২টা পর্যন্ত মেলার সার্বিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও রেডিও ভূমি।