গতকাল থেকে ঢাকা-নারায়নগঞ্জে শুটিং শুরু করেছেন প্রখ্যাত নির্মাতা মোরশেদুল ইসলামের নতুন চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। ছবির সংগীত পরিচালনা করেছেন সানী জুবায়ের। বেঙ্গল ক্রিয়েশনের প্রযোজনায় ছবিটির টানা শুটিং চলবে দু মাস। এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে একজন তরুণ প্রতিভাবান অভিনেতাকে উপস্থাপন করছেন নির্মাতা। নবাগত শিল্পীর নাম আরেফ সাঈদ। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কমার্শিয়াল ধারার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ দিনপর নতুন চলচ্চিত্র শুরু প্রসঙ্গে নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘আমি সবসময় খানিকটা সময় নিয়েই কাজ শুরু করি। কারণ একটি চলচ্চিত্র শুরুর আগেও অনেক কাজ থাকে। ইচ্ছে আছে মহান বিজয় দিবসে ছবিটি মুক্তি দেওয়ার। আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে।’
