মোদীর শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে নিমন্ত্রণ নিয়ে আপত্তি তুলেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী ও ওই রাজ্যের আঞ্চলিক দলগুলো। এ আমন্ত্রণ তামিলনাড়ুর জনগণের অনুভূতিতে আঘাত বলে মন্তব্য করেছেন জয়ললিতা।
শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের আগমনকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন তিনি।
লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়ের পর হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছিলেন তার এক সময়ের রাজনৈতিক মিত্র জয়ললিতা। ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঠিক করা হয়েছে।
ওদিকে, মঙ্গলবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করে শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের সরকার প্রধানদের আমন্ত্রণের ইচ্ছার কথা জানান মোদী।
জয়ললিতা বলেন, লঙ্কান প্রেসিডেন্টকে আমন্ত্রণের ঘটনা ‘তামিলনাডুর জনগণকে তীব্রভাবে ব্যথিত করেছে। তাদের অনুভূতিকে আহত করেছে।’
‘নতুন সরকারের সঙ্গে তামিলনাডুর সরকার ও জনগণের সম্পর্কের কথা বিবেচনায় রেখে এ ধরনের অবিবেচনাপ্রসূত আমন্ত্রণ বন্ধ রাখা ভাল ছিল।’
