জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ

আপডেট : ২৩ মে ২০১৪, ২১:২৪
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আল-কায়েদা নিষেধাজ্ঞা বিষয়ক কমিটি নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে কালো তালিকাভুক্ত করেছে। নাইজেরিয়ার কয়েকশ’ স্কুলছাত্রীকে অপহরণের মাসখানেক পরে বোকো হারামের বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হলো। সমপ্রতি বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহায়তা চাওয়া নাইজেরিয়া এর আগে ঐ গ্রুপটির ওপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানিয়েছিল। এখন এই নিষেধাজ্ঞার ফলে জঙ্গিগোষ্ঠীটির দেশের বাইরে থাকা সম্পদ জব্দ এবং তাদের যাতায়াত ও অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যাবে। নিরাপত্তা পরিষদের ঐ কমিটির সভাপতি ও জাতিসংঘে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্যারি কুইনল্যান নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে বলেন, ‘এর ব্যবহারিক প্রভাব কী হবে? বলা কঠিন, কিন্তু এটা একটা জরুরি পদক্ষেপ যা আমাদের নিতে হবে।’ গ্যারি আরো বলেন, ‘আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে কেউ অর্থ বা অস্ত্র কোনো কিছু দিয়ে বোকো হারামকে সহায়তা না করতে পারে। যারা এটা করবে আমরা তাদেরকেও নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করবো।’ ইতোমধ্যে জাতিসংঘ বোকো হারামকে আল কায়েদা এবং অর্গানাইজেশন অব আল-কায়েদা ইন দ্যা ইসলামিক মাগরেবের (একিউআইএম) সংশ্লিষ্ট হিসেবে তালিকাভুক্ত করেছে। উল্লেখ্য, বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গত পাঁচ বছর ধরে তাদের তত্পরতা চালিয়ে আসছে। গত মাসে তিনশতাধিক স্কুলছাত্রীকে অপহরণ এবং চলতি মাসের মাঝামাঝি ৫০ ব্যক্তিকে হত্যার পর এই জঙ্গি সংগঠনটি আন্তর্জাতিক সমপ্রদায়ের আলোচনায় উঠে আসে।