দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে গত কয়েকদিন ধরে ফেরি সংকটের কারণে উভয় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত উভয় ঘাটে কয়েক’শ গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা আছে।
এরুটে যানবাহন পারাপারের জন্য ১০টি রোরো (বড়) ফেরি থাকার কথা থাকলেও চলছে মাত্র আটটি। রোরো ফেরির সাথে তিনটি কে-টাইপ এবং দুইটি ইউটিলিটি ফেরি থাকলেও যান্ত্রিক সমস্যার কারণে ইউটিলিটি ফেরি দুইটি প্রায়ই বন্ধ থাকে। গতকাল এ রুটে মাত্র ৭টি রোরো এবং ৩টি কে-টাইপ ফেরি চলাচল করে বলে জানা গেছে।
গত ১২ মে থেকে ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সেটি বিকল হয়ে পড়ে। ইউটিলিটি ফেরি বনলতা পাম্প সমস্যায় ১৮ মে থেকে এবং গত বৃহস্পতিবার সকালে ফেরি মাধবীলতা বিকল হয়। তিনটি ফেরিই পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে।
ফেরিঘাটে পরিবহন শ্রমিকরা জানান, গত বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ছোট-বড় ৪টি ফেরি পাটুরিয়া থেকে ছেড়ে দৌলতদিয়ায় পৌঁছে।সন্ধ্যার পর থেকে একইভাবে ধীর গতিতে ফেরি ঘাটে
ফিরে আসে। ফলে দৌলতদিয়ায় যানবাহনের লাইন বেলা বাড়ার সাথে আরো দীর্ঘ হতে থাকে। এসময় অনেক ট্রাক চালক অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী দালালের সহযোগিতায় সিরিয়াল ভঙ্গ করে অনেক চালকই ঘাটে গেছে। এরপর প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত এক সারিতে পণ্যবাহী কয়েক’শ ট্রাক রয়েছে।
