কোটি টাকার সেচ প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ

আপডেট : ২৩ মে ২০১৪, ২৩:২৯
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার থমথমিয়া ছড়ায় বাঁধ দিয়ে সেচ প্রকল্পের কাজ গত তিন বছরেও সমাপ্ত হয়নি। প্রকল্পের কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী। ফলে শত শত একর জমিতে বোরোসহ অন্যান্য ফসলের চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। জানা যায়, ২০১০ সালে চট্টগ্রাম জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ প্রকল্পটি গ্রহণ করে। প্রকল্প ব্যয় ধরা হয় ১ কোটি টাকা। ২০১১ সালে বিএডিসি প্রকল্পটির কাজের দরপত্র আহ্বান করে। একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ৯৫ লাখ ৬০ হাজার ৮৭৮ টাকায় বাঁধটি নির্মাণের কার্যাদেশ পায়। ওই প্রতিষ্ঠান কাজ শুরু করে। অভিযোগ রয়েছে ঠিকাদার চলতি বিল না পাওয়ায় এবং সংশ্লিষ্ট বিভাগের মাঠ পর্যায়ে এক কর্মকর্তার অসহযোগিতার কারণে প্রকল্পের কাজ সামনে আগায়নি। কাজ সম্পন্ন করার জন্য এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানালেও কোন লাভ হচ্ছে না। কৃষকরা জানান, প্রকল্পটির কাজ সমাপ্ত না হওয়ায় গত তিন বছর ধরে বোরোসহ অন্যান্য ফসলের আবাদ ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: জুনাইদ চৌধুরী জানান, বিএডিসির মাঠ পর্যায়ের ওই কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগের পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীও এ ব্যাপারে একটি ডিও লেটার দিয়েছে বিএডিসি’র চেয়ারম্যানের কাছে।