বাংলাদেশ নিয়ে নতুন খেলা শুরু করেছে বিএনপি

আপডেট : ২৩ মে ২০১৪, ২৩:৩৩
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ নিয়ে বিএনপি নতুন খেলা শুরু করেছে। নীল-নকশা তৈরি করে বিএনপি সারা দেশে আওয়ামী লীগ নেতাদের হত্যা ও হত্যার শিকারদের পাশে দাঁড়ানোর মিশনে নেমেছে। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, যারা চোরাগোপ্তা হামলা চালায় ভণিতা বাদ দিয়ে তাদের থামান। নইলে আপনার গুলশানের বাড়ি ঘেরাও নয়, উচ্ছেদ করবে জনগণ। শুক্রবার রাজধানীর রামপুরায় মহান মে দিবস উপলক্ষে মোটর চালক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, সাবেক মন্ত্রী শাহজাহান খান বলেছিলেন, এটা ওটা চিনলে ড্রাইভার হওয়া যাবে। তার বক্তব্যের অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। আমি তাকে বলেছিলাম, আপনি এটা না বলে বলতে পারতেন, সব সাবজেক্টে ফেল করে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া যায়, তাহলে ড্রাইভার হতে কেন মেট্রিক পাস হওয়া লাগবে? আওয়ামী মোটরচালক লীগ রামপুরা থানা কমিটির সভাপতি রিপন হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মোটরচালক লীগের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আকবর প্রমুখ।