ঢাবি ইসলামের ইতিহাস বিভাগে ২১ শিক্ষার্থীর বৃত্তিলাভ

আপডেট : ২৩ মে ২০১৪, ২৩:৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন বর্ষের ২১ জন শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য হাজী আওলাদ হোসেন ফাউন্ডেশন বৃত্তি লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেয়া হয়। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌফিকুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম প্রধান অতিথি এবং ফাউন্ডেশনের পরিচালক হাজী তোফাজ্জল হোসেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোশাররফ হোসেন ভুঁইয়া, অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, মো. সাইফুল্লাহ প্রমুখ। উল্লেখ্য, ২১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে প্রথম বর্ষের ৫ জন, দ্বিতীয় বর্ষের ৪ জন, তৃতীয় বর্ষের ৪ জন, ৪র্থ বর্ষের ৪ জন এবং মাস্টার্সের ৪ জন শিক্ষার্থী রয়েছেন।