এমপির শ্যালকসহ দু’জন গ্রেফতার ২টি পিস্তল উদ্ধার

আপডেট : ২৩ মে ২০১৪, ২৩:৫৪
বৃহস্পতিবার বগুড়ায় ফরহাদ হোসেন শিপলু (৩২) নামে যুবক হত্যার ঘটনায় পুলিশ বগুড়া-২ আসনের সংসদ সদস্যের শ্যালক জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের চেযারম্যান ফিরোজ আহমেদ রিজু এবং নিহত শিপলুর বন্ধু মালতিনগরের আবু সায়েম শান্তকে গ্রেফতার করেছে। সেইসাথে শিবগঞ্জ উপজেলার ঘাগুর দুয়ার গ্রামে রিজুর বাগানবাড়িতে অভিযান চালিয়ে ম্যাগজিনসহ ২টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ ঐ অভিযান চালায়। পুলিশ বলছে নিহত শিপলুসহ গ্রেফতারকৃত দুজন অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃত দু’জনই দাবি করেছে, অবৈধ অস্ত্র মেরামত করতে গিয়েই শিপলু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে । বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজীউর রহমান জানান, চেয়ারম্যান রিজু ও শান্ত পুলিশের কাছে স্বীকার করেছে, চেয়ারম্যান রিজুর বাগান বাড়িতেই শিপলু গুলিবিদ্ধ হয়। পরে তাকে রিজুর গাড়িতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।