শুক্রবার খুলনার ফুলতলা উপজেলার রুহিয়ার বিলে হাসান আলী বিশ্বাস (৬৫) নামে এক মত্স্য ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপরদিকে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় শামিম আহমেদ দিদার নামে স্বাস্থ্য বিভাগের এক সহকারী প্রকৌশলীকে কুপিয়ে জখম করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে হাসান আলী বিশ্বাস রুহিয়ার বিলে তার মত্স্য ঘেরে যান। শুক্রবার ভোরে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ বিলে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নিহত হাসান আলী ফুলতলার জামিরা গ্রামের মৃত ডাকু বিশ্বাসের ছেলে। ফুলতলা থানায় হত্যা মামলা হয়েছে।
প্রকৌশলীকে কুপিয়ে জখম
অপরদিকে গত বৃহস্পতিবার রাতে নগরীর সোনাডাঙ্গা গ্রামীণ আবাসিক এলাকার নিজ বাসার সামনে বাগেরহাট স্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী শামিম আহমেদ দিদারকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
