আইন মন্ত্রী আনিসুল হক প্রবাসীদের আইনি সহায়তার জন্য একটি হেল্প ডেস্ক খোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ‘বাংলাদেশ ল রিফর্ম সাপোর্ট অ্যাফিলিয়েটেড ফেডারেশন’ (বিএলআরএসএএফ)-এর একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ প্রতিশ্রুতি দেন। প্রতিনিধি দল বৃহস্পতিবার ওয়েস্টমিন্সটারের হিলটন হোটেলে ব্রিটেন সফররত আইন মন্ত্রীর সাথে সাক্ষাত্ করেন। এই সংগঠন বাংলাদেশে প্রবাসীদের মামলাজনিত হয়রানি বন্ধে প্রয়োজনীয় আইন সংশোধনের লক্ষ্যে চাপ প্রয়োগকারী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। বিএলআর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির প্রেসিডেণ্ট এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসি) ডাইরেক্টর জেনারেল মুহিব চৌধুরী, বিএলআরের ডাইরেক্টর জেনারেল এ আলী জ্যাকো এবং বিবিসিসির প্রেসিডেণ্ট মাহতাব চৌধুরী।
বিএলআরের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম তুলে ধরে প্রতিনিধি দল আইন মন্ত্রীকে বলেন, বাংলাদেশে বিচার প্রক্রিয়ায় সময়ক্ষেপণ হয়। তারা বলেন, হাজার হাজার প্রবাসী বাংলাদেশে জায়গা জমি সংক্রান্ত এবং নানা হয়রানিমূলক মামলার শিকার। প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং আইনের দুর্বলতার কারণে এসব প্রবাসীরা অসহায়। মিথ্যা মামলায় জড়িয়ে তাদের জায়গা জমি দখল করা হচ্ছে।
