চীনের উরুমচিতে সন্ত্রাসী হামলায় ৩৯ জনের মৃত্যুর ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকার উরুমচি এলাকায় বিপুল পরিমাণ আধা সামরিক পুলিশ মোতায়েন করেছে। জিনজিয়াং প্রদেশের উরুমচির রাস্তায় টহল দিচ্ছে এসব আধা সামরিক পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার উরুমচির একটি ব্যস্ত বাজারে বোমা হামলায় ৩৯ জন নিহত হয় এবং আহত হয় কমপক্ষে ৯০ জন।
ঐদিন সকাল আটটার দিকে উরুমচির ঐ বাজারে দুটি গাড়ি ঢুকে পড়ে এবং ক্রেতাদের ওপর বিস্ফোরক ছুঁড়ে মারতে শুরু করে হামলাকারীরা। হামলার সময় একটি গাড়ি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে চীনা সংবাদ মাধ্যমগুলো। দুটি গাড়িতে করে বাজারের দুই দিক থেকে প্রবেশ করে হামলাকারীরা। আত্মঘাতী হামলায় চার হামলাকারী নিহত হয়। একজনকে আটক করে পুলিশ।
গত মাসে উরুমচিতে একটি রেল স্টেশনে বোমা হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। ঐ ঘটনার জন্য চীন উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে। সংখ্যালঘু উইঘুর সমপ্রদায়ের আবাসভূমি জিনজিয়াং অঞ্চলে। তারা তুর্কি মুসলিম। চীনা হান সমপ্রদায়ের সঙ্গে তাদের প্রায়ই সংঘর্ষ বাধে। ২০০৯ সালে এই দুই সমপ্রদায়ের মধ্যে দাঙ্গায় দুইশো জন নিহত হন।
