বিদ্রোহীদের দখলে মালির দু’টি শহর

আপডেট : ২৪ মে ২০১৪, ২১:১২
মালির উত্তরাঞ্চলীয় দু’টি শহর শুক্রবার বিদ্রোহীরা দখলে নিয়েছে। এর মধ্যে বিদ্রোহী ঘাঁটি কিদালও রয়েছে। যার দখল নিয়েছে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা। ফলে দেশটি সংকটে পড়েছে এবং সরকার অবিলম্বে অস্ত্রবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার লড়াইয়ে ২০ সৈন্য নিহত ও ৩০ জন আহত হয়েছে। ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আজাওয়াদ (এমএনএলএ)-এর একজন নেতা জানান, শনিবার দু’পক্ষে সংঘর্ষ শুরুর পর থেকে মালির ৪০ সৈন্য নিহত হয়েছে। আরো ৭০ জনকে আটক করা হয়েছে। জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, এমএনএলএ সৈন্যরা মেনাকা শহরের দখল নিয়েছে যেখানে ২০ হাজার লোকের বাস। এর আগে সরকার কিদাল শহরটি বিদ্রোহীদের দখলে যাওয়ার কথা স্বীকার করেছে। সরকার সেনাবাহিনীর ব্যর্থতা স্বীকার করে অবিলম্বে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইতা সংলাপে বসার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা সবসময়ই আলোচনার জন্য প্রস্তুত।’ তুয়ারেগসহ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আক্রমণের মুখে শনিবার থেকে সেনাবাহিনী পিছু হটতে শুরু করে।