যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪

আপডেট : ২৪ মে ২০১৪, ২১:১২
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিউ মেক্সিকো রাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে চার আরোহীর সবাই নিহত হয়েছেন। অবতরণের সময় ছোট ওই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। শুক্রবার রাজ্যটির সিলভার সিটির পূর্বপাশের হুইস্কি ক্রিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সৃষ্ট আগুন আশপাশের শুকনো ঘাসে ছড়িয়ে পড়ে। আগুনের কারণে নিকটবর্তী স্থানে পার্ক করে রাখা ভ্রাম্যমাণ বাড়িগুলো জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়। বিকেল চারটার ঠিক আগে দুর্ঘটনাটি ঘটে বলে রাজ্য পুলিশের মুখপাত্র সার্জেন্ট ডামিয়ান ব্রাউন জানিয়েছেন। এ দুর্ঘটনায় ভূমিতে থাকা কেউ আঘাত পায়নি বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনা কবলিত বিমানটি একটি প্রোপেন ট্যাঙ্কের ওপর বিধ্বস্ত হলে আশপাশের ঘাসে আগুন ধরে যায়। দুর্ঘটনায় বিমানটির চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে।