কেউ না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে, সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকা বর্ষাকালে গলা পানিতে নিমজ্জিত থাকে। এ ওয়ার্ডের একডালা স্লুইজগেট থেকে উত্তরে ফজল সেখের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা আছে। ফজল সেখের বাড়ি থেকে উত্তরে জাহাঙ্গীর হুজুরের বাড়ি হয়ে পুনর্বাসন বাজারের মূল সড়ক পর্যন্ত এবং একই রাস্তার হাবিল সেখের বাড়ি থেকে হাসিনুর সেখের বাড়ি হয়ে আরিফ দোকানদারের বাড়ি পর্যন্ত মাত্র ৪ ফিট চওড়া এবং প্রায় ১০০০ ফিট লম্বা পাকা রাস্তা (বা পানি নিষ্কাশনের ব্যবস্থা) না থাকায় বর্ষাকালে দোয়াত বাড়ি, ধোপাবাড়ি, বয়রাপাড়া, কোবদাসপাড়াসহ এলাকার কয়েক হাজার লোক পুনর্বাসন বাজারে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হন। কাজেই চলতি শুষ্ক মওসুমেই রাস্তা দু’টিতে প্রয়োজনীয় মাটি ভরাটসহ পাকা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. হাবিবুর রহমান, একডালা, সিরাজগঞ্জ
