বঙ্গবন্ধুর ফুফাত ভাই মোমিনুল হকের ইন্তেকাল

আপডেট : ২৪ মে ২০১৪, ২৩:০৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফাত ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোমিনুল হক খোকা চিকিত্সাধীন অবস্থায় বাংলাদেশ সময় গত শুক্রবার রাত সোয়া ৮টায় সিঙ্গাপুরের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বঙ্গবন্ধুর মেজ ফুফু এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সমাজসেবক বজলুল হকের ছোট ছেলে। বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে গতকাল শনিবার সন্ধ্যায় মরহুমের লাশ ঢাকায় আনা হয়। রাজধানীর ধানমণ্ডির সাত মসজিদ রোড সংলগ্ন ঈদগা মাঠে আজ রবিবার বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মোমিনুল হক দীর্ঘদিন ধরে হূদরোগ, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার বিশেষ বিমানে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। ঢাকায় হাসপাতালের আইসিইউতে থাকাকালে গত ২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেখতে যান। বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে মোমিনুল হক খোকার লেখা বই ‘অস্তবাগে স্মৃতি সমুজ্জ্বল বঙ্গবন্ধু, তার পরিবার ও আমি’ ২০০০ সালে সাহিত্য প্রকাশ করে। —প্রেস বিজ্ঞপ্তি