বরিশালে হাসপাতালে অক্সিজেনের অভাবে নবজাতকের মৃত্যু

আপডেট : ২৫ মে ২০১৪, ০০:০৮
জেলায় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে এক নবজাতক শিশুর মৃত্যু সংবাদ পাওয়া গেছে। তবে কর্তব্যরত চিকিত্সকদের অবহেলার কারণেই তার মেয়ের ছেলে মারা গেছে বলে মৃত নবজাতক শিশুর নানা মজিবুর রহমান অভিযোগ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একটি ছেলে সন্তান প্রসব করেন নলছিটি উপজেলার বৈচণ্ডি গ্রামের মামুন মিয়ার স্ত্রী মারুফা বেগম। শিশুটির ওজন কম (অপরিপক্ব) হওয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়লে দ্বিতীয় তলার শিশু বিভাগে নবজাতককে পাঠানো হয়; কিন্তু ওই ওয়ার্ডে একটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে অপর রোগীর চিকিত্সা কার্যক্রম চলায় নবজাতককে অক্সিজেন দেয়া সম্ভব হয়নি। কর্তব্যরত নার্স স্টোরে গেলে সেখানেও কোন অক্সিজেন সিলিন্ডার মজুদ নেই বলে দায়িত্বে থাকা ফার্মাসিস্ট ইউসুব আলী জানান। পরে রাত ১১টা পর্যন্ত অক্সিজেনের কোন ব্যবস্থা করতে না পারায় শিশুটি মারা যায়। এ সময় শিশুর স্বজনরা কর্তব্যরত চিকিত্সকদের ওপর ক্ষুব্ধ হন। তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মৃত নবজাতকের নানা মজিবুর রহমান ইত্তেফাককে জানান, হাসপাতালে ভর্তির পর থেকেই কর্তব্যরত চিকিত্সকদের অবহেলার শিকার হয়েছে তার মেয়ে মারুফা বেগম। শেবাচিমের স্টোর ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের চরম সংকট রয়েছে। হাসপাতালের পরিচালক ডা. কামরুল হাসান সেলিম অক্সিজেন সিলিন্ডার না থাকার কথা স্বীকার করে জানান, সংকটের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও এখনো অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়নি।