পছন্দের শিক্ষককে অধ্যক্ষ করার দাবি

চকরিয়ার বদরখালী কলেজে তালা ঝুলিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ

আপডেট : ২৫ মে ২০১৪, ০০:০৮
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কলেজে আলতাফ হোসেন নামের এক শিক্ষককে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়ার দাবিতে শিক্ষার্থীদের বের করে দিয়ে কলেজের ১৪টি কক্ষে তালা লাগিয়ে দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। কলেজের শিক্ষার্থীরা ও স্থানীয় লোকজন জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বদরখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন কিশোরের নেতৃত্বে বহিরাগত লোকজন অতর্কিত কলেজে ঢুকে শিক্ষার্থীদের বের করে দেন। এসময় তাঁরা কলেজের ১৪টি কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বদরখালী বাজারে গিয়ে ওই শিক্ষকের পক্ষে বিক্ষোভ মিছিল করেন। অভিযোগ অস্বীকার করে হামিদ উল্লাহ বলেন, কলেজে তালা ঝুলানোর সময় আমি ছিলাম না। তবে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করার খবর পেয়ে আমি সেখানে উপস্থিত হই। তিনি বলেন, শিক্ষক আলতাফ হোসেন কলেজটির প্রতিষ্ঠালগ্ন থেকে এখানে আছেন। বদরখালীর সর্বস্তরের লোকজন তাকে অধ্যক্ষ করার জন্য কলেজে তালা ঝুলিয়েছে। এদিকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজী মো. ইলিয়াছ বলেন, নিয়োগ পরীক্ষায় আলতাফ হোসেন তৃতীয় হলেও তাকে নিয়োগের দাবিতে কিছু লোক কলেজে তালা লাগিয়ে দিয়েছে বলে শুনেছি। তিনি বলেন, কলেজ পরিচালনা কমিটির জরুরি সভা ডেকে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।