ডিএসইতে সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

আপডেট : ২৫ মে ২০১৪, ২০:৩১
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১৮২ কোটি টাকা। যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ডিএসইতে গত বছরের ২১ অক্টোবর লেনদেন হয়েছিলো ১৬৭ কোটি ১১ লাখ টাকার। ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৫৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৮২ কোটি ৮১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৫ কোটি ৯৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে জানা গেছে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া দুই কোম্পানির আবেদন গ্রহণ শুরু হবে আগামী মাসে। কোম্পানি দুটি হলো: সুহূদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সুহূদ ইন্ডাস্ট্রিজের আবেদন ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত করা যাবে। প্রবাসী বিনিয়োগকারীরা এ সুযোগ পাবেন ২১ জুন পর্যন্ত আর ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িংয়ে আবেদন ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত করা যাবে। প্রবাসী বিনিয়োগকারীরা ২৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবে। সুহূদ ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজারে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা সংগ্রহ করবে। ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ২ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৬৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করবে। সুহূদ ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ফার ইস্ট নিটিংয়ের ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৭ টাকা প্রিমিয়ারসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।