বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত্ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হকের জন্মদিন আজ। প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে পুরস্কার প্রবর্তন করেন কথাশিল্পী রাবেয়া খাতুন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন চলচ্চিত্রের এই গুণী মানুষটিকে শ্রদ্ধা জানাতে তাদের একটি মূল মিলনায়তনের নামকরণ করেছে ‘ফজলুল হক স্মৃতি মিলনায়তন’। এছাড়া চলচ্চিত্র ও গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের জন্য সৈয়দ সালাউদ্দিন জাকির প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে ফজলুল হক ইনস্টিটিউট অব মিডিয়া স্টাডিজ নামে একটি প্রতিষ্ঠান। ১৯৯০ সালের ২৬ অক্টোবর এই গুণী ব্যক্তিত্বের মহাপ্রয়াণ ঘটে।
