‘বারো মাইল গণহত্যা’ দিবস আজ। ৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী উপজেলার বারো মাইল গ্রামের ১৭ জন মুক্তিকামী মানুষকে তুলে নিয়ে গিয়ে গোদাগাড়ী থানার দক্ষিণে নির্মমভাবে হত্যা করে। ওই দিন তারা বিদিরপুর-বারো মাইল-সেখেরপাড়া গ্রামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং নিরীহ মানুষের ঘরবাড়িতে আগুন দেয়। হাজার হাজার অসহায় মানুষ প্রাণ ভয়ে এলাকা ছেড়ে দুর্গম বরেন্দ্র অঞ্চলে গিয়ে আশ্রয় নেয়। বিষাদময় দুঃস্বপ্নের মতো সেদিনের কথা মনে করে আজও আঁতকে উঠেন এসব এলাকার মানুষ। চোখের জলে বুক ভাসান। স্মৃতির পটে খুঁজে ফেরেন কারও পিতা, ভাই ও স্বজনকে।
