অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, নজরুল ছিলেন মানবতার কবি। নজরুলের অবদান ছিল অনন্য ও অপরিসীম। তার লেখা পড়লে এখনো রক্ত টকবগ করে উঠে। তার ২৩ বছরের সৃষ্টিকালে আমাদের দিয়ে গেছেন অসংখ্য গান ও কবিতা।
রবিবার ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা সাড়ে ১১টায় অর্থমন্ত্রী বই মেলা উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের ১১৫তম নজরুল জন্ম-জয়ন্তীর শুভ সূচনা করেন।
ত্রিশালে দরিরামপুর নজরুল মঞ্চে দুপুর ১২টায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিত্ কুমার বিশ্বাস, নজরুল স্মারক বক্তব্য রাখেন মুহাম্মদ নূরুল হুদা। এছাড়া সাবেক এমপি রেজা আলী, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক এতে বক্তব্য রাখেন।
অর্থমন্ত্রী আরো বলেন, নজরুল ছিলেন চারণ কবি। নজরুল আমাদের প্রেরণার উত্স। নজরুলের চেতনাকে কাজে লাগিয়ে শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। আলোচনা শেষে জাতীয় ও জেলার শিল্পীরা সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন। চলে আবৃত্তি অনুষ্ঠান।
আসাদুজ্জামান নূর বলেন, কবি নজরুল ছিলেন সাম্যের কবি এবং সামপ্রদায়িকতার ঊর্ধ্বে। তিনি আজীবন সাম্যের গান গেয়ে গেছেন। নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। নজরুল আমাদের মাথা উচু করে দাঁড়াতে শিখিয়েছেন।
নজরুল মেলা
নজরুল জন্মজয়ন্তীকে কেন্দ্র করে ময়মনসিংহে ত্রিশালের দরিরামপুর মাঠে নজরুল মেলায় নানা ধরনের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। জমে উঠেছে এ মেলা। একই মাঠে বসেছে বই মেলাও।
