দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা সমস্যায় জর্জরিত। চিকিত্সক স্বল্পতার কারণে চিকিত্সা সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। টেকনিশিয়ানরা চিকিত্সা সেবার কাজ চালিয়ে যাচ্ছেন। একটু জটিল কোন রোগী আসলেই তাদের পাঠানো হচ্ছে জেলা হাসপাতালে। এতে রোগীরা একদিকে যেমন চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অন্যদিকে তাদের বাড়তি খরচ করতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন চিকিত্সক থাকার কথা থাকলেও বর্তমানে উপজেলা স্বাস্থ্য প্রশাসকসহ চিকিত্সক আছেন মাত্র ২ জন। এদিকে চিকিত্সক না থাকায় সরকারি যন্ত্রপাতি ব্যবহার না হওয়ার কারণে সেগুলোতে মরিচা ধরার উপক্রম হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিত্সা পাওয়া যাবে এমন আশা অনেকেই ছেড়ে দিয়েছেন। এছাড়া সেখানকার অনেক কর্মচারী রয়েছেন যারা ইচ্ছামত কর্মস্থলে আসেন-যান। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. রেজাউল বারী জানান, তিনিসহ বর্তমানে কমপ্লেক্সে চিকিত্সক আছেন মাত্র ২ জন। এমতাবস্থায় কমপ্লেক্সটিতে চিকিত্সক নিয়োগ দেয়া অতি জরুরী বলে তিনি জানান।
